প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
কালীগঞ্জে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্যা
নিউজ ডেস্ক ||
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিলা খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। হাসপাতাল চত্বরে নিহতের পরিবার ও স্বামীর পরিবারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের স্বামী দাবি করছেন, তিনি আত্মহত্যা করেছেন। অন্যদিকে শিলার বাবা ও স্বজনরা বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে মহেশ্বরচাঁদা গ্রামের আব্দুল আলিমের সঙ্গে শিলার বিয়ে হয়। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শিলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তারা দাবি করেন, বৃহস্পতিবারও তাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়।অন্যদিকে নিহতের স্বামীর পরিবারের দাবি, শিলা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। একপর্যায়ে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কালীগঞ্জ থানার ওসি মো. জিল্লাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা