প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
মোবাইল হারানোর সাধারণ জিডির তদন্তে ধরা পড়ল ‘সিরিয়াল রেপিস্ট’া
নিউজ ডেস্ক ||
মোবাইল হারানোর একটি সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করতে গিয়ে ভয়াবহ এক অপরাধীর খোঁজ পেয়েছে পুলিশ। তিনি ভুয়া পরিচয় ও প্রযুক্তির অপব্যবহার করে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারি বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী। গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাব্বি যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের পাশের একটি বাসা থেকে ধরা পড়েন।পুলিশ জানায়, রাব্বি প্রথমে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলে। এরপর মেয়ে কণ্ঠ নকল করে এক নারী ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে তার মোবাইল ফোন নিজের নিয়ন্ত্রণে নেয়। ওই ফোনের সিম ও সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে ভুক্তভোগীর বন্ধু তালিকার স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীদের টার্গেট করে।নারী কণ্ঠে কথা বলে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পর উপহার আদান-প্রদানের প্রলোভন দেখিয়ে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় নিয়ে যেত। সেখানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করত।পরবর্তীতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হতো। ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া বা পর্নোগ্রাফি সাইটে আপলোড করার হুমকি দিয়ে তাদের পুনরায় শারীরিক সম্পর্ক ও নিয়মিত অর্থ আদায়ে বাধ্য করত বলে জানান ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।গত ২০ মার্চ দুপুরে এক মেয়েকে ফ্যামিলি মিট-আপের কথা বলে একটি নির্মাণাধীন ভবনে ডেকে নেয় রাব্বি। সেখানে পৌঁছানোর পর তাকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন করে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও ডার্ক পর্ন সাইট ও টেলিগ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নিয়মিত শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকে।অভিযুক্ত প্রথম ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে তার বন্ধু তালিকার আরেকজনকে টার্গেট করে। গত ৬ এপ্রিল পোশাক ডেলিভারি দেওয়ার কথা বলে দ্বিতীয় ভুক্তভোগীকে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ডেকে নেয়। সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোন ও নগদ অর্থ লুটে নেয়।৯ এপ্রিল সন্ধ্যায় আরেক ভুক্তভোগীকে শ্লীলতাহানির চেষ্টা করে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়।এসব ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাশেদুল ইসলাম রাব্বিকে শনাক্ত করে ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় ধনিয়া কলেজের সামনে থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে একটি সাধারণ জিডি থেকে শুরু করে কত বড় অপরাধের সন্ধান পাওয়া সম্ভব। নারীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা