প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
চানাচুরের প্যাকেটে মাদক, মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ৫০ লাখ টাকার মাদক ও বিদেশি পিস্তল উদ্ধারা
নিউজ ডেস্ক ||
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ। সেখানে মনো নামের এক ব্যক্তির বিরুদ্ধে টেইলার্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালানোর অভিযোগ পাওয়া যায়।পুলিশ সূত্রে জানা যায়, হেরোইন ও গাঁজা বিক্রির জন্য মনো চানাচুরের প্যাকেট ব্যবহার করতেন, যাতে সহজে ধরা না পড়ে। তার দোকান ও বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, টেইলার্স ব্যবসার আড়ালে মনো দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করতো। চানাচুরের প্যাকেটের ভেতরে করে লাখ লাখ টাকার মাদক রাখা হতো। বিশেষ করে হেরোইন বহন করতে মনো চানাচুরের প্যাকেট ব্যবহার করত।একই দিন ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মো. জুয়েল রানা জানান, এলাকাটিতে ছোট-বড় মিলিয়ে বহু মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইচক্র সক্রিয় রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শাশুড়ির বাসা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল পাওয়া গেছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ সময় বিভিন্ন অপরাধ ও মাদক ব্যবসায় জড়িত ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা