প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ ইরান অংশ নিতে পুরোপুরি প্রস্তুতা
স্পোর্টস ডেস্ক, গণবার্তা: ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ইরানি জাতীয় ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বুধবার সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, টুর্নামেন্টে দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। তিনি বলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শক্তিশালী পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদানের ওপর মনোযোগ দিয়ে ক্রীড়ামন্ত্রীর সরাসরি নির্দেশনায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যেই দলটির সফল অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইরান। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ এপ্রিল থেকে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার আশা বেড়েছে।গত ১৬ এপ্রিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, দলটি যোগ্যতা অর্জন করেছে এবং চলমান সংকট সত্ত্বেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর আগে গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন, টুর্নামেন্টে ইরানকে স্বাগত জানানো হবে, কিন্তু ইরানি খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তাদের অংশগ্রহণ সমীচীন হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে এখনো আশঙ্কা রয়েছে যে, ইরানের দলটি যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা বিশ্বকাপে অংশ নিতে গিয়ে কোনো জটিলতার সম্মুখীন হবে কি না। সূত্র: আলজাজিরা, টিআরটি।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা