প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
জুয়া ও মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান ৩০ এপ্রিল থেকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীা
নিজস্ব প্রতিবেদক ||
জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে আগামী ৩০ এপ্রিলের পরে সারা দেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরো জানান, সেই সঙ্গে অবৈধ সিসা বার ও লাউঞ্জ বন্ধে পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে ও অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুকের ৭১ বিধিতে দেওয়া জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের বিষয়ে নোটিশটি আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত) অনুযায়ী সিসা খ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। অবৈধ সিসা লাউঞ্জে সিসা ব্যবসা চালু রাখার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে সিসা লাউঞ্জ মালিকরা পাঁচটি রিট মামলা করেছে। এসব রিট মামলায় হাইকোর্ট বিভাগের রুল ও নির্দেশনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ ভ্যাকেট করে দিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের ৮ এপ্রিল একটি স্মারকে অনুমোদন বিহীন সিসা লাউঞ্জ নামক মাদক স্পট বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত ১৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশান দুই নম্বর এলাকার ৩৫ নম্বর সড়কে অবস্থিত অবৈধ সিসা বারে অভিযান পরিচালনা করে আনুমানিক পাঁচ কেজি সিসা এবং ৩৫টি হুক্কা জব্দ করেছে। এস লাউঞ্জ রেস্টুরেন্ট নামেও অবৈধ সিসা লাউঞ্জে অভিযান পরিচালনা করে চার কেজি সিসা ও আটটি হুক্কা জব্দ করা হয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, অবৈধ সিসা লাউঞ্জসমূহ যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এর সঙ্গে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইকোর্ট বিভাগে সিসা বার পরিচালনার বিষয়ে রিটকারীদের বিপক্ষে সর্বদা আইন পরিচালনা করার পাশাপাশি সিসা বারে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সিসা লাউঞ্জ পরিচালনার বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নজরেও এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য, নগর শৃঙ্খলা ও আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রমের মাধ্যমে অবৈধ সিসা লাউঞ্জ চিহ্নিতকরণ ও বন্ধে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বাড়িধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ সিসা বার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় নিয়মিত এসব স্থানে মাদক সেবন, কেনাবেচাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বিভিন্ন সময় অভিযান চালানোর পর কিছু ব্যবসা বন্ধ হলেও নাম পরিবর্তন করে এবং প্রভাব খাটিয়ে আবার তা চালু করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সিসা লাউঞ্জ ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে বা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে যাতে কোনো প্রকার অবৈধ সিসা লাউঞ্জ পরিচালিত না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আবাসিক বাণিজ্যিক ভবনে অবৈধ সিসা লাউঞ্জ স্থাপন করে যাতে কেউ ব্যবসা করতে না পারে সে বিষয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদের সচেতন করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবসায় মদদ দেওয়ার প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা