প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতা
গণবার্তা ডেস্ক : ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের মোরছালিন ও মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)। মোরছালিন গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। দুইজনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন চোরাকারবারী রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মোরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। আহত নবীর হোসেনকেও নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে।বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনই চোরাচালানীর সঙ্গে জড়িত ছিল। বিজিবি ইতিমধ্যে বিএসএফের সঙ্গে মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে কাজ করছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা