প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
হরমুজ প্রণালি সংকট: নিরাপত্তা পরিষদে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন-রাশিয়াা
বিশ্ব ||
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিংয়ের দাবি, এই প্রস্তাবের মূল বিষয়বস্তু এবং এটি উত্থাপনের সময় (টাইমিং) কোনোটিই উপযুক্ত নয়। কূটনৈতিক মহলের ধারণা, প্রস্তাবটি ভোটাভুটিতে এলে চীন ও রাশিয়া যৌথভাবে ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে তা বাতিল করে দিতে পারে।টাইমিং ও বিষয়বস্তু নিয়ে বেইজিংয়ের প্রশ্ন
জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং মার্কিন-বাহরাইনি এই যৌথ উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। জাতিসংঘের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কাজ করা গণমাধ্যম ‘পাসব্লু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের একপেশে প্রস্তাব সংকট সমাধানের পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ফু চং স্পষ্ট ভাষায় বলেন, "আমরা মনে করি না এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক আছে, এমনকি এর জন্য বেছে নেওয়া সময়টিও উপযুক্ত নয়।"প্রস্তাবের পটভূমি ও ভেটোর আশঙ্কা
আলোচ্য খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সব ধরনের সামরিক তৎপরতা এবং মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছিল। তবে জাতিসংঘের কূটনীতিকরা বলছেন, এই প্রস্তাব পাসের সম্ভাবনা প্রায় শূন্য। কারণ, গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন প্রস্তাব চীন ও রাশিয়ার ভেটোর কারণে ভেস্তে গিয়েছিল। সে সময় বেইজিং ও মস্কোর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, প্রস্তাবের ভাষা অত্যন্ত একপেশে এবং তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এককভাবে ইরানের ওপর দোষ চাপানোর জন্য তৈরি।সমাধানের পথ কেবল কূটনীতিতেই
চীনা রাষ্ট্রদূতের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের বর্তমান প্রধান দায়িত্ব হওয়া উচিত সব পক্ষকে একটি আন্তরিক ও গভীর কূটনৈতিক সংলাপে বসতে উৎসাহিত করা। কোনো জোড়াতালির প্রস্তাব পাস করে পরিস্থিতি উত্তপ্ত করার চেয়ে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও শান্তিপূর্ণ সমাধান খোঁজা বেশি জরুরি।হরমুজ প্রণালির এই খসড়া প্রস্তাবকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরাশক্তিগুলোর মধ্যকার ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও মেরুকরণ নতুন করে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা