প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
চুক্তির সম্ভাবনায় ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্পা
নিউজ ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার তিনি ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তি এবং উপসাগরীয় মিত্রদেশগুলোর অনুরোধে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধবিরতি ভেঙে ইরানে হামলা চালায়, তাহলে ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালাতে পারে। এ কারণেই কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে।ট্রাম্প এর আগেও যুদ্ধ থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ইরান তাঁর প্রস্তাবিত চুক্তির রূপরেখা প্রত্যাখ্যান করায় তিনি মঙ্গলবার হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, সমঝোতায় পৌঁছাতে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীকে তিনি ইরানে বড় ধরনের হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তাঁর ভাষায়, “চুক্তি না হলে এক মুহূর্তের নির্দেশেই হামলা চালাতে প্রস্তুত থাকবে সেনারা।”সিএনএনের খবরে বলা হয়েছে, গত শনিবার ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।” গত রোববারও তিনি লিখেছেন, “ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।”ইরানের পক্ষ থেকে এখনো পিছু হটার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় পাকিস্তান বর্তমানে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দ্বিধান্বিত অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে। চুক্তি সফল হলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হতে পারে, তবে ব্যর্থ হলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আবারও সামনে আসবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা