প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
বিদ্যুতের দাম বাড়ল তাড়াহুড়ো করে, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধিা
নিজস্ব প্রতিবেদক ||
তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে গ্রাহক ও পাইকারি—উভয় পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে।বিদ্যুতের দামের নতুন চিত্র অনুযায়ী, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ বেড়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। বিশেষ করে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।পাইকারি মূল্যের ক্ষেত্রে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সঞ্চালন খরচ ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রাক্কলন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ দশমিক ৯১ টাকার মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে ৮ দশমিক ৫০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) তাদের সঞ্চালন খরচ বাড়ানোর প্রস্তাব দিলেও কমিশন সব দিক বিবেচনা করে এই দর নির্ধারণ করেছে।বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শিল্প-কারখানার উৎপাদন খরচও বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রভাব ফেলতে পারে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা