প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
বাগেরহাটে মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় প্রাণ গেল ৮ বছরের ফাতেমার, মায়ের আর্তনাদ; রাতভর অভিযানে মরদেহ উদ্ধারা
||
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু ফাতেমার পা টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারের আশপাশেই মায়ের সঙ্গে থাকতেন ফাতেমা। তার মা মানসিক ভারসাম্যহীন। সোমবার রাতে সে দিঘিতে গোসল করতে নামলে হঠাৎ তার পা টেনে নিয়ে যায় পুকুরে থাকা কুমিরটি। ঘটনা জানাজানির পর সেখানে মাজার কর্তৃপক্ষের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, ‘যে শিশুটিকে নিয়ে গেছে সে ৮ বছরের বাচ্চা। তার নাম ফাতেমা। জানতে পেরেছি গোসলের জন্য সে নেমেছিল। তাকে হঠাৎ কুমির আক্রমণ করে পা টেনে নিয়ে গেছে। তাকে কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে টেনে নিয়ে গেছে। আমরা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা করছি।’বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধানের পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম।কুমিরের হামলায় শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় ৮ বছরের শিশু ফাতেমার মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। রাতভর উদ্ধার অভিযানের পর মরদেহ পাওয়া গেছে। মানসিক ভারসাম্যহীন মায়ের একমাত্র মেয়ে ফাতেমা আর ফিরে আসেনি। প্রশাসন আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বললেও, এলাকায় আতঙ্ক এখনো কাটেনি। দিঘিতে কুমির নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা