প্রিন্ট এর তারিখ : ০৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডা
নিজস্ব প্রতিবেদক ||
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ইসমত আরা খাতুনকে নিজ বাড়িতে গলাটিপে হত্যা করেন আনোয়ার হোসেন। ঘটনার পরদিন নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার রায় দেন। আসামি আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আদালত তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে।রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত বিচার ও কঠোর শাস্তি নারী নির্যাতন রোধে সহায়ক হবে। তারা এ রায়কে যৌতুকপ্রথার বিরুদ্ধে একটি জোরালো বার্তা হিসেবে দেখছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা