প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
আওয়ামীলীগ সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংসের প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রীা
নিজস্ব প্রতিবেদক ||
একটি জাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারমাণবিক বা নিউক্লিয়ার বোমার প্রয়োজন নেই, বরং সেই জাতির শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়াই যথেষ্ট বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। যার প্রভাবে ২০০৬ সালের তুলনায় আমাদের বর্তমান শিক্ষা খাত অনেক বেশি পিছিয়ে পড়েছে।'২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বড় পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী বলেন, 'কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষার কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।' তিনি জানান, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমবে এবং সব ধারার শিক্ষার্থী একই মানদণ্ডে মূল্যায়িত হওয়ার সুযোগ পাবে।শিক্ষামন্ত্রী আরও বলেন, 'বরিশালে শিক্ষার্থী ও অভিভাবকেরা এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করতে মব তৈরি করেছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা হবে।' তিনি স্পষ্ট জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং নকলের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। ওরিয়েন্টেশনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৫৪৬ জন নবীন শিক্ষার্থী অংশ নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা