প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতি নয়: ইরানের সর্বোচ্চ নেতাা
বিশ্ব প্রতিবেদন, গণবার্তা: ||
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হিজবুল্লাহকে রক্ষার পাশাপাশি লেবাননের অখণ্ডতা বজায় রাখাকে তেহরানের কৌশলগত দায়িত্ব বলে ঘোষণা করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ সমাপ্তির যেকোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ ও শর্তহীনভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় খামেনি বলেন, ‘জিহাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই’। তিনি হিজবুল্লাহর ধৈর্য ও ত্যাগের প্রশংসা করে তাদের প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে থাকা এক অবিচল শক্তি হিসেবে আখ্যায়িত করেন।খামেনি আরও জানান যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কোনো পথ সম্ভব নয়। একই সঙ্গে তিনি লেবাননের দক্ষিণাঞ্চলের জনগণের ধৈর্য, সাবেক হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং এই লড়াইয়ে নিহত অন্য কমান্ডারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হিজবুল্লাহকে একটি সাধারণ সংগঠন থেকে পুরো মুসলিম বিশ্বের গর্বে পরিণত করার প্রশংসা করেন।অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে লেবানন থেকে সমস্ত ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রসংবরণ, লেবাননের সেনাবাহিনীকে মার্কিন সহায়তা প্রদান এবং পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আমেরিকার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।মোজতবা খামেনির এই বক্তব্য ইরানের পক্ষ থেকে লেবানন ও হিজবুল্লাহর প্রতি সমর্থনের নতুন ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির জন্য শর্ত আরোপ করে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা