প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালক-হেলপারসহ ৩ জন গ্রেপ্তারা
গণবার্তা প্রতিবেদনঃ ||
ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সড়কে ব্যারিকেড দিয়ে বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। তারা জানায়, বাসটির চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) মধ্যরাতে আশুলিয়ার রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তাররা হলেন—বাসের হেলপার মো. মুসফেকুর রহমান জনি (২০), বাসের চালক মো. ইমরান (৩৫) এবং চালকের পরিচিত মো. সুমন প্রামানিক (৩০)।পুলিশ জানায়, শনিবার মধ্যরাত দেড়টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাভারের নবীনগর যেতে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এক নারী ও তার পরিচিত ব্যক্তি। নবীনগর পৌঁছানোর আগেই বাসের অন্যান্য যাত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে নেমে যান। নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে চালক ইমরান তার সহযোগী জনিকে বাস চালানোর দায়িত্ব দেন। পরে চালক ওই নারীর পরিচিত ব্যক্তিকে মারধর করেন এবং মেরে ফেলার হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন।পুলিশ জানায়, পরে সুমনের সহায়তায় জনি চলন্ত বাসে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করেন। বাস থেকে নামিয়ে দেওয়া ব্যক্তি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ আশুলিয়ার রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি বাস দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে সাভার পরিবহনের ওই বাসটি থামায়। পরে বাস থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধারসহ জনি ও সুমনকে আটক করে।এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে বাসচালক ইমরানকে গ্রেপ্তার করে।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, 'জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশের একটি দল ভুক্তভোগীকে উদ্ধারসহ দুজনকে আটক করে। পরে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে অভিযান চালিয়ে রাড়ইপাড়া এলাকা থেকে অপর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়।'পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে বাসটি জব্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে। ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা