প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা গাজী সালাউদ্দীন গ্রেপ্তারা
গণবার্তা প্রতিবেদনঃ ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় তাকে।এর আগে ওই পোস্টের ঘটনায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার গাজী সালাউদ্দিন তানভীরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে এর প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ফেসবুকে জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা থেকে সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়।সারজিস আলম অভিযোগ করেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ ‘ক্ষমতা দেখিয়েছে’।পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। পরে দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। একইসঙ্গে ফেসবুকে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান।পোস্টে সারজিস লিখেন, 'এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এই বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়। তারপরও বগুড়া জেলা বিএনপির নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'তিনি বলেন, 'একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখলো, সেটা লেখা উচিত ছিল না বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করলো, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করলো, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।'পোস্টে এতোকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখিয়েছে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, 'অথচ বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নেই যেটা বলে নাই কিংবা লিখে নাই! যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিল তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি!'
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা