প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটকা
গণবার্তা প্রতিবেদনঃ ||
চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন।পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করলে, তিনি দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত অভিযোগ দেন।অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।দুদক জানায়, আটকের সময় ঘুষের ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের পর আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলার প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা