প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ব্রাজিল-উরুগুয়ে-পানামা প্রীতি ম্যাচ আয়োজনে বড় আর্থিক ঘাটতিতে ভারতীয় ফুটবল ফেডারেশনা
গণবার্তা প্রতিবেদনঃ ||
নয়াদিল্লি: গত অক্টোবরে ব্রাজিল, উরুগুয়ে ও পানামাকে নিয়ে তিনটি আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছিল ভারত। বিশ্বমানের ফুটবলারদের নিজ মাঠে খেলাতে গিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বড় অঙ্কের আর্থিক ঘাটতির সম্মুখীন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তিন ম্যাচ আয়োজন করতে ফেডারেশনের সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১০৫ থেকে ১১১ কোটি টাকা (৮০-৮৫ কোটি ভারতীয় রুপি)।রোববার (১ নভেম্বর) এআইএফএফ-এর সাধারণ ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এই ঘাটতি সামাল দিতে ফেডারেশনের ২৬ কোটি টাকার (২০ কোটি রুপি) ফিক্সড ডিপোজিট (এফডি) ভাঙানোর প্রস্তাব দেন। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, অংশগ্রহণকারী দেশগুলোর পাওনা মেটাতে হিমশিম খাচ্ছে ফেডারেশন। এর মধ্যে ব্রাজিলের প্রাপ্য প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের প্রায় ৪ কোটি ৭০ লাখ রুপি বকেয়া রয়েছে।আয়োজনের এই আর্থিক চাপের বড় কারণ হলো টিকিট বিক্রি এবং পৃষ্ঠপোষকতা থেকে প্রত্যাশিত আয় না আসা। ব্রাজিলের ম্যাচে ৫১ হাজার ৪০২ দর্শক থাকলেও সামগ্রিক টিকিট বিক্রির হার ফেডারেশনের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বড় বড় দলকে আমন্ত্রণের এই ব্যয়বহুল আয়োজন এখন ফেডারেশনের ওপর বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।তবে এফডি ভাঙার প্রস্তাবে কমিটির প্রায় সব সদস্যই আপত্তি জানিয়েছেন। সহ-সভাপতি এনএ হ্যারিসের ভাষ্য অনুযায়ী, আগে থেকেই এফডি ভাঙার বিরুদ্ধে কমিটির সিদ্ধান্ত ছিল। সাবেক সভাপতি প্রফুল প্যাটেলও চৌবের আগের আশ্বাসের কথা মনে করিয়ে দেন। ফলে বিষয়টি এখন কমিটির পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে; চূড়ান্ত অনুমোদন ছাড়া টাকা তোলা যাবে না।জানা গেছে, পানামাকে সম্পূর্ণ অর্থ প্রদান করা হলেও ব্রাজিল ও উরুগুয়ে এখনো তাদের পাওনার ৫০ শতাংশ পায়নি। বাকি অর্থ পরিশোধের সময়সীমা বাড়ানোর আবেদন করেছে এআইএফএফ। এদিকে টিকিট পার্টনার থেকে ফেডারেশন ২৫ কোটি রুপি ‘রিকুপেবল অ্যাডভান্স’ পেয়েছিল, যা আয় না হলে ফেরত দিতে হতে পারে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা