গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে সুস্থ অবস্থায় নিয়ে বাড়ি ফিরেছেন মা মাসুমা আক্তার। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পরিবারের স্বজনদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফেরেন। কাপাসিয়ার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে ফিরে মা ও পাঁচ সন্তানকে দেখতে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।গত ৫ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাসুমার কোলজুড়ে আসে পাঁচটি শিশু—তিন মেয়ে ও দুই ছেলে। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও সঠিক চিকিৎসায় মা ও শিশুরা এখন সুস্থ রয়েছেন।মাসুমার স্বামী কাজল মিয়া বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো। আল্লাহর রহমতে আজ আমরা সবাই ভালো আছি। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।’ক্লিনিকের চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত জটিল। সময়মতো সঠিক চিকিৎসা পাওয়ায় মা ও শিশুরা এখন সুস্থ।ফার্মাসিস্ট সাত্তার মিয়া বলেন, বিরল এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। অনেকে নবজাতকদের এক নজর দেখতে ভিড় করেছিলেন।হাসপাতাল ম্যানেজার নারায়ণ চন্দ্র জানান, নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ সেবা দেওয়া হয়েছে।খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. রুহুল আমিন জানান, নবজাতকদের আইসোলেশনে রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। একজনের অবস্থা কিছুটা জটিল ছিল। পরে স্বাভাবিক হলে বাড়ি নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, প্রয়োজনে দ্রুত হাসপাতালে ফিরে আসার ব্যবস্থা রাখা হয়েছে।এর আগে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই পাঁচ সন্তানের জন্ম হয়। মাসুমা-কাজল দম্পতির আগে ৯ বছর বয়সি একটি মেয়ে রয়েছে। বাড়িতে ফিরে পাঁচ নবজাতককে দেখতে এলাকাবাসীর ভিড় উপচে পড়ছে।