তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না তার।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তাসনিম জারার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাসনিম জারা বলেন, জনগণের সমর্থনে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তিনি জানান, এখন তারা পছন্দের নির্বাচনী প্রতীক নিয়ে আবেদন করতে পারবেন এবং তাদের পছন্দের প্রতীক হচ্ছে ফুটবল।
এর আগে দুপুর ১টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, শুনানি শেষে তার আপিল মঞ্জুর হয়েছে এবং মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
তৎকালীন সিদ্ধান্তের বিষয়ে ইসি কর্মকর্তারা জানিয়েছিলেন, ঢাকা-৯ আসনে মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজনীয় ভোটার স্বাক্ষরের সংখ্যা ছিল ৪ হাজার ৩০০। যাচাইয়ে দেখা যায়, স্বাক্ষরের সংখ্যা যথেষ্ট থাকলেও প্রস্তাবক ও সমর্থক হিসেবে উল্লেখ করা ১০ জনের মধ্যে ২ জন ওই আসনের ভোটার ছিলেন না। নির্বাচনবিধি অনুযায়ী এই ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়।
পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তাসনিম জারা, যার শুনানি শেষে আজ তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।
এর আগে গত ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন