আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সম্ভাব্য ভেন্যু পরিবর্তন কিংবা গ্রুপ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা চলছে ক্রীড়াঙ্গনে। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভিডিও কনফারেন্স করেছে। সেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি জানানো হয়েছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আলোচনায় বিসিবি নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার অবস্থান পুনর্ব্যক্ত করে এবং ম্যাচগুলো অন্যত্র স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানায়। বিসিবি অবস্থান অপরিবর্তিত রাখে।
দু’পক্ষ একমত হয়েছে যে সম্ভাব্য সমাধান বের করতে আলোচনা অব্যাহত থাকবে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়েছিল, ভারতে বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি ‘মডারেট’ বা মাঝারি মাত্রার হলেও বাংলাদেশের জন্য তা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চমাত্রার। এতে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের বিষয়ও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। বিসিসিআই কিংবা ফ্র্যাঞ্চাইজি এ বিষয়ে কোনো কারণ উল্লেখ না করলেও বাংলাদেশ মনে করছে, মুস্তাফিজকে ঘিরে ক্ষোভ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৭ ফেব্রুয়ারি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন