ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পুরোপুরি কার্যকর হওয়ার পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, এই সিস্টেম কার্যকর হওয়ায় বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব সচল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে। এর ফলে অবৈধ ও চোরাই মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে আশা করছে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম পরিবর্তন করতে চাইলে বা ফোনটি অন্য কারও কাছে ব্যবহারের জন্য দিতে কিংবা বিক্রি করতে হলে আগে ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত নিবন্ধন থেকে মুক্ত করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হবে বলে জানিয়েছে বিটিআরসি।
ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও সেবা পেতে বিটিআরসি’র নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সহায়তার জন্য বিটিআরসি কল সেন্টারের ১০০ নম্বরে যোগাযোগ করা অথবা নিকটবর্তী মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এনইআইআর সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে মোবাইল ফোন ব্যবস্থাপনায় জবাবদিহি ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন