শুল্ক কমানোর পরও খেজুরের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানী ও চট্টগ্রামের পাইকারি বাজারে দাম বেড়েছে কেজিপ্রতি ২০–৫০ টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরাও বেশি দামে কিনছেন, তাই কম দামে বিক্রি সম্ভব নয়।
আমদানিকারকরা এর জন্য দায়ী করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও জাহাজ খালাসে বিলম্বকে। তাদের দাবি, অন্তত পাঁচটি জাহাজ দেশে পৌঁছাতে দেরি হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে পাইকারি বাজারেও দাম বেড়েছে।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৯০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে, যার দুই-তৃতীয়াংশই বিক্রি হয় রমজান মাসে। এনবিআর শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাজারে তার প্রভাব পড়েনি।
ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। উত্তর বাড্ডার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, “সরকার ভ্যাট কমালেও আমরা কোনো সুবিধা পাচ্ছি না। রোজার সময় দাম আরও বাড়বে।”
চট্টগ্রামের খাতুনগঞ্জে সৌদি আমদানি খেজুরের দাম এক সপ্তাহে কেজিপ্রতি ২০–২৫ টাকা বেড়ে ১৫৫ টাকায় উঠেছে। অন্যদিকে দুবাই থেকে আমদানি হওয়া খেজুরের দাম কিছুটা কমে পাইকারিতে ৪৫০–৫০০ টাকায় লেনদেন হচ্ছে।
শুধু খেজুর নয়, রমজানের আগে লেবু ও শসার বাজারেও উত্তাপ বেড়েছে। ছোট লেবুর দাম এক মাসে তিনগুণ হয়ে এখন এক ডজন ১৫০–১৬০ টাকা, আর শসার দামও কেজিপ্রতি ১০–২০ টাকা বেড়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন