ভারতের মধ্যপ্রদেশে পুলিশের বাড়ি লক্ষ্য করে চুরি করার অভিযোগে এক অদ্ভুত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খান্ডওয়া জেলায় ধরা পড়া এই ব্যক্তির নাম দীপেশ, তিনি আলিরাজপুর জেলার বাসিন্দা।
গত ২০ জানুয়ারি খান্ডওয়ার পুলিশ লাইনে কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে কয়েক লাখ টাকার গয়না ও নগদ অর্থ চুরি হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দীপেশকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ও কিছু গয়না উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দীপেশ দীর্ঘদিন ধরে বারবার স্থান বদল করছিলেন যাতে তাঁকে ধরা না যায়। তাঁকে ধরতে ঝাবুয়া, আলিরাজপুর ও ধর জেলায় তল্লাশি চালানো হয়। প্রযুক্তিগত তথ্য ও নজরদারির মাধ্যমে জানা যায়, তিনি বুরহানপুরের দিকে যাচ্ছেন। পুলিশ যখন তাঁকে ধরতে যায়, তখন তিনি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তাঁর হাত ও পায়ে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে আদালতে তোলা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
খান্ডওয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর এই গ্রেপ্তারকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকটি ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে এবং তাঁর সহযোগীদের খোঁজ চলছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দীপেশ স্বীকার করেছেন যে তিনি শুধু পুলিশ সদস্যদের বাড়ি লক্ষ্য করতেন। কারণ হিসেবে তিনি জানান, ১৫ বছর আগে আলিরাজপুরে এক পুলিশ সদস্য তাঁকে মারধর করেছিলেন। সেই ঘটনার ক্ষোভ থেকেই তিনি প্রতিশোধমূলকভাবে পুলিশের বাড়িতে চুরি করতে শুরু করেন।
খান্ডওয়ার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীণ আর্য জানান, দীপেশ চুরির আগে ছদ্মবেশ ধারণ করতেন। কখনো ফেরিওয়ালা সেজে পুলিশ লাইনের আশপাশে ঘোরাফেরা করতেন এবং সুযোগ বুঝে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়তেন। এ ঘটনায় রমেশ ও ভুরালিয়া নামের আরও দুজন সহযোগীর খোঁজ চলছে, তাঁরা বর্তমানে পলাতক।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন