নিজের শিল্পযাত্রার শহর রাজশাহীতেই শেষ নিদ্রায় শায়িত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করা হয়।
এর আগে ঢাকা থেকে তার মরদেহ রাজশাহীতে নেওয়া হলে জোহরের নামাজের পর ঝাউতলা এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মী, স্বজন ও ভক্তদের উপস্থিতিতে সেখানে তাকে শেষ বিদায় জানানো হয়। ১৮ মার্চ সকালে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
গত ১৭ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
নব্বইয়ের দশক থেকে টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া শামস সুমন দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। টেলিভিশন নাটকে তার অভিনয় দীর্ঘদিন দর্শকমহলে সমাদৃত হয়েছে।
শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন অঙ্গনে। সহশিল্পী, ভক্ত ও সুধীজনরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন