আগামী ২ জুলাই থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।
নতুন নিয়মে সব বোর্ডের শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবে। এতে পরীক্ষার মান ও মূল্যায়নে সমতা আসবে বলে আশা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য আগামী দিনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন