ছোট পর্দা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারিকুজ্জামান দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
রাশেদ মামুন অপু বলেন, ‘আমরা সংগঠন থেকে সার্বক্ষণিক তারিকুজ্জামান ভাইয়ের পাশে ছিলাম। গতকাল রাতেও আমি, পাভেল (আজাদ আবুল কালাম) ভাইসহ অনেকে উপস্থিত ছিলাম। তখন তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। একপর্যায়ে চিকিৎসক জানিয়ে দেন, আর কোনো চিকিৎসা সম্ভব নয়।’
‘শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তপন ভাইকে বাড়িতে আনা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তিনি মারা যান।’
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অভিনেতার ছেলে তাছফিক ফেসবুকে এক পোস্টে জানান, তার বাবাকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি সবার কাছে দোয়া ও আর্থিক সহায়তার আবেদন জানান।
তিনি লিখেছিলেন, ‘একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক জানান, শুক্রবার রাতেই আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে তারিকুজ্জামান তপনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছিল। টেলিভিশন নাটক ও সিনেমা—উভয় মাধ্যমেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। টেলিভিশন নাটকের মধ্যে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’, ‘মৃত্তিকার যাত্রা’ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এই অভিনেতা দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছেন।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন