শিক্ষামন্ত্রীর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে কোনো মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানোর অভিযোগ উঠেছে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেমা তাকমিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ওব্যাট হেল্পার্স’-এর আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানটি ছিল ‘সুস্থ মা ও সুস্থ শিশু’ নিশ্চিতকরণে পুষ্টি সহায়তা কর্মসূচির অংশ, যেখানে ৯৯ জন নবজাতকের মায়ের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। ইউএনও ফারাহ ফাতেমা তাকমিলা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইউএনওর গাড়ি আসার সময় একজন আনসার সদস্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন এবং সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। গাড়ি থেকে নামার পর তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় এক শিক্ষার্থীকে সড়কের মাঝখানে দাঁড়িয়ে স্যালুট করতেও দেখা যায়। পরে ইউএনও ফুলের তোড়া হাতে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।
এ বিষয়ে ওব্যাট হাই স্কুলের ইনচার্জ মনজুর আলম বলেন, এটি একটি নিয়মিত শিক্ষার্থী কার্যক্রমের অংশ ছিল। শিক্ষার্থীদের সড়কে দাঁড় করানো অনাকাঙ্ক্ষিত হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি দেখে ইউএনও অসন্তোষ প্রকাশ করেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ তাকমিলা বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি শিক্ষার্থীদের সরিয়ে নিতে বলি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে দায়িত্ববোধ থেকে উপস্থিত থাকতে হয়।’
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জনসমক্ষে বা সড়কে দাঁড় করিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতা পালনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থে জারি করা এই নির্দেশনা উপেক্ষা করেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এখন পর্যন্ত এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন