বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববারিয়া গ্রামে একটি বাড়িতে হঠাৎ হরিণ ঢুকে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বন বিভাগ স্থানীয়দের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে হরিণটি আশ্রয় নেয়। স্থানীয়রা প্রথমে বিষয়টি দেখে অবাক হন এবং বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, সুন্দরবন কাছাকাছি হওয়ায় হরিণটি হয়তো পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। আবার কেউ কেউ মনে করছেন, কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসে এটি লোকালয়ে ঢুকে পড়তে পারে।
স্থানীয় যুবক আসাদুল বলেন, তিনি মাঠে কাজ করার সময় দূর থেকে হরিণটিকে আসতে দেখেন। পরে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করলে এটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। সেখান থেকে ছাড়িয়ে দিলে হরিণটি মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়।
বাড়ির মালিক মোস্তফা ফরাজি জানান, কুকুরের তাড়া খেয়ে হরিণটি তার বাড়ির পুকুরপাড়ে এসে আটকে পড়ে। পরে তিনি বন বিভাগকে খবর দেন।
স্থানীয় জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সচরাচর লোকালয়ে এভাবে হরিণ দেখা যায় না বলে স্থানীয়রা বিস্মিত হয়েছেন। বন বিভাগের তৎপরতায় হরিণটি উদ্ধার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। এই ঘটনা সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ পাচার প্রতিরোধের গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন