বর্তমান সরকারের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে এবং তারা এখন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, জনগণ ভোট দিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে, অথচ সরকার ক্ষমতায় এসেছে অন্যভাবে।
সোমবার (১১ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আট শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, “জনগণ জানে আপনারা কীভাবে ক্ষমতায় এসেছেন। রাতের ভোট গণনায় কাটচুপি করে ক্ষমতায় এসেছেন। মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে আর আপনারা পাস করেছেন। এখন আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে।”
তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে নিয়ে সংসদে সমাধান করতে হবে এবং সংবিধান সংস্কার করতে হবে। তার অভিযোগ, বর্তমান সরকার বিগত দিনে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই অশনিসংকেত আবারও দেখা যাচ্ছে।
জামায়াতের এই এমপি বলেন, জনগণ বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকার লুটপাট করেছে।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজহারুল ইসলামের বক্তব্যে সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ভোট কারচুপি ও ফ্যাসিস্ট প্রবণতার অভিযোগ স্পষ্টভাবে উঠে এসেছে। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং বিরোধী দলের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন