ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বর্ণনা করে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য মার্কিন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি আমেরিকার প্রতি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় জোহরান মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর’। অবরুদ্ধ ভূখণ্ডে ৭৩ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা, হাসপাতালে হামলা চালানো, চিকিৎসা সেবা না দেওয়া এবং খাদ্য ও মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো গুরুতর অপরাধের জন্য তিনি নেতানিয়াহুকে দায়ী করেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মাস পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন যে আমেরিকান হিসেবে তাদের করের টাকাই এই হত্যাকাণ্ডের বোমার খরচ জোগাচ্ছে। মামদানি আরও যুক্ত করেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করার বিশেষ কারণ রয়েছে। যার চোখ, হৃদয় ও বিবেক আছে, সে নেতানিয়াহুর সৃষ্টি করা ধ্বংসযজ্ঞ দেখে বুঝতে পারবে যে তার জায়গা আদালতের কাঠগড়ায়’।
নিউইয়র্কের মেয়রের এই মন্তব্য ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্র সফর করেন, তাহলে আইসিসির পরোয়ানা কার্যকর হবে কি না, তা এখন দেখার বিষয়। ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন