সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে জানিয়ে এ বি এম আব্দুস সাত্তার বলেন, "এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।"
জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে মন্তব্য
বাজার পরিস্থিতি প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, "বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ করছেন, কিছু জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব (ক্ষতিগ্রস্ত) হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।"
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল চালু হওয়ার পর এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও নতুন বেতন কাঠামো চূড়ান্ত হয়নি। গত বছর নবম পে কমিশন তাদের সুপারিশ জমা দিলেও নতুন সরকার গঠনের পর বিষয়টি পুনরায় পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়। সম্প্রতি অর্থমন্ত্রীও জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পরই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।
সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। পে কমিশনের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছিল। তবে নতুন সরকার গঠনের পর গঠিত কমিটি বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন