দীর্ঘ ১৬ বছর পর মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নাম পরিবর্তন হয়েছে। নতুন নাম এখন ‘সার্কেল’ এবং ব্র্যান্ড স্লোগান ‘আসল সংযোগ, সব সময় সচল’।
আজ সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ব্র্যান্ডের ঘোষণা দেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা।
কী পরিবর্তন হচ্ছে, কী একই থাকছে?
এয়ারটেলের গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। বিদ্যমান ০১৬ সিরিজের নম্বর, ব্যালান্স, সেবা এবং প্যাকেজ একই থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন আসবে না। গ্রাহকদের সিম পরিবর্তন করতে হবে না।
জিয়াদ সাতারা বলেন, ‘বাংলাদেশে এয়ারটেলের পথচলা ১৬ বছরের। আমরা সবার জন্য সবচেয়ে ভালো নেটওয়ার্ক, সেরা অফার আর সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছি। তবে সময়ের সঙ্গে পৃথিবীর সবকিছুই পরিবর্তিত হয়। এটি এয়ারটেলের বিবর্তন। আমাদের প্রতিশ্রুতি একই থাকবে।’
নতুন নামকরণের কারণ
এয়ারটেল ১৬ বছর ধরে একটা প্রজন্মের কাছে আবেগের জায়গা ছিল বলে মন্তব্য করেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম। তিনি বলেন, ‘আমরা তাদের দেখিয়েছি, কীভাবে কানেক্টেড থাকতে হয়। এই প্রজন্ম এখন আর সেই কানেকটিভিটির মধ্যে নেই, প্রজন্ম পরিবর্তন হচ্ছে। সার্কেল আরও বেশি প্রাসঙ্গিক, গতিশীল এবং অনুপ্রেরণা দেবে।’
সার্কেলের হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল তাহসিনা রাফা বলেন, ‘রবি আজিয়াটার দুটো ব্র্যান্ড বাংলাদেশে—একটা রবি, একটা এয়ারটেল। এয়ারটেল ব্র্যান্ডটা আমাদের তরুণদের জন্য। এই ব্র্যান্ডটাকে আমরা এখন নতুন একটা পরিচয় দিচ্ছি।’
নতুন নামকরণের মধ্য দিয়ে ডিজিটাল যুগের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। সার্কেলে বাজারের সবচেয়ে ভালো অফারগুলো পাওয়া যাবে বলেও জানান তাহসিনা রাফা। ২০০৯ সালে যাত্রা শুরু করা এয়ারটেল ২০১৬ সালে রবি আজিয়াটার সঙ্গে একীভূত হয়। এরপর থেকেই দুটি ব্র্যান্ড আলাদা পরিচয়ে বাজারজাত হলেও এবার এয়ারটেলকে নতুন রূপে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন