চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যৌথবাহিনীর সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।
অভিযানে গিয়ে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় এক রিকশাচালকের সঙ্গে কথা বলেন তিনি।
রিকশাচালক বলেন, ‘এখানে বসবাস করে গরু পালন করতে পারি। চাষাবাদ করতে পারি। তাই এখানে বসবাস করি। র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে এখানে আর কেউ আসে না। আগে অপরিচিত দু-একজন আসত।’ এসপি মাসুদ তখন বলেন, ‘সন্ত্রাসী বাহিনী কই? তোমাদের এখানে আসে না সন্ত্রাসীরা। ফারুককে চিনো? জামাই ফারুক। সন্ত্রাসী বাহিনী আসলে তাদের বলবে এবার আসলে মেরে ফেলব। আর যদি এখানে সন্ত্রাসীদের খোঁজ পাই তাহলে তোমার খবর আছে।’
পুলিশ সুপারকে এ সময় বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যরা কী করেন, সে বিষয়েও জানতে চান। এসময় তাকে সহযোগিতা করেন যৌথবাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা রয়েছে। সম্প্রতি সেখানে আবারও সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা অংশ নেন।
এদিকে অভিযানের সময় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যৌথবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি চালান এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, এই অভিযানের ফলে এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। তারা আরও বলছেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন