গণবার্তা

চিত্র বিচিত্র

হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে বউ: জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে

প্রচলিত বিয়ের ধারা ভেঙে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছে জয়পুরহাট সদর উপজেলার একটি বিয়ে। হাতির পিঠে চড়ে বরের আগমন এবং বিয়ের পর নববধূকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ি নেওয়ার দৃশ্য দেখতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ফয়সাল (২৮) প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে পৌঁছান। কনে ফারহানা আক্তার (২৬) একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনারপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।বরের এই ব্যতিক্রমী আগমনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে এমন দৃশ্য উপভোগ করেন, কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন এই বিরল মুহূর্ত।বিয়ে শেষে ঘোড়ার গাড়িতে যাত্রাবিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও নববধূ সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বরের বাড়ির উদ্দেশে রওনা দেন। এই আয়োজন পুরো অনুষ্ঠানকে আরও ব্যতিক্রমী করে তোলে।নববধূ ফারহানা আক্তার বলেন, ‘নিজের বিয়েতে এমন আয়োজন আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা, যা স্মৃতিতে চিরকাল থাকবে।’অন্যদিকে বর ফারহান ফয়সাল জানান, হাতির পিঠে চড়ে বিয়ে করার ইচ্ছা অনেক দিনের। সেটি বাস্তবে রূপ দিতে পেরে তিনি আনন্দিত।খরচ ও উদ্যোক্তাদের প্রতিক্রিয়াবরের বাবা ফজলুর রহমান বলেন, ‘ছেলের ইচ্ছা পূরণে এই আয়োজন করতে প্রায় অর্ধলাখ টাকা ব্যয় হয়েছে।’কনের বাবা দুলাল হোসেন জানান, ‘ছোট মেয়ের বিয়েতে কিছু ভিন্ন করার ইচ্ছা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়।’ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে দুই পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই বিয়ের ছবি ও ভিডিও। অনেকে এটিকে পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে মন্তব্য করছেন।

হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে বউ: জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে