ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। নিহতদের মধ্যে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে এই সংখ্যা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং ইরান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি।
এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানে হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও জাহাজগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বর্তমানে এটি ২০২২ সালের পর ইরানের সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। দেশজুড়ে অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ, যা পরিস্থিতি পর্যবেক্ষণকে আরও কঠিন করে তুলেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, তবে ‘দাঙ্গাবাজদের’ সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না। তিনি চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। এ পরিস্থিতিতে ইসরায়েলও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন