রাতে দাঁত না মাজলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে
মানুষ সাধারণত সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, এরপর নাশতা করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে দিনের শেষে রাতে অনেকেই দাঁত ব্রাশ না করেই শুয়ে পড়েন। চিকিৎসকরা বলছেন, এই ছোট ভুল গুরুতর রোগের কারণ হতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কুনাল সুধ জানিয়েছেন, রাতে দাঁত ব্রাশ না করলে মুখে ব্যাকটেরিয়া জমে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। এতে প্রদাহ সৃষ্টি হয়, যা সময়ের সঙ্গে হৃদযন্ত্রে প্রভাব ফেলে এবং হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, মুখের স্বাস্থ্য দুর্বল হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এটি সরাসরি হৃদরোগের কারণ না হলেও ঝুঁকি বাড়ানোর অন্যতম উপাদান।
২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, দুর্বল মুখের স্বাস্থ্যবিধি হৃদরোগ ও হৃদযন্ত্রের ব্যর্থতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। ডা. সুধ আরও জানান, যারা নিয়মিত দাঁত ব্রাশ করেন তাদের হার্ট ভালো থাকে। প্রতিদিন অন্তত তিনবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত দাঁত পরিষ্কার করা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।
পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. জগদীশ হিরেমাথ বলেন, রাতে দাঁত ব্রাশ না করলে মুখে প্লাক ও ব্যাকটেরিয়া জমে, যা বিষাক্ত পদার্থ নির্গত করে এবং রক্তপ্রবাহে প্রবাহিত হতে পারে। এর ফলে প্রদাহ সৃষ্টি হয়, যা ধমনীতে প্লাক তৈরি করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তিনি আরও বলেন, হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করতে রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করার পরিমাণ, পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ধূমপানের মতো জীবনযাত্রার অভ্যাস বিবেচনা করা হয়।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করতে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। পাশাপাশি ফ্লসিং বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার এবং ছয় মাস অন্তর দাঁতের ডাক্তার দেখানোও জরুরি। তাদের মতে, মুখের স্বাস্থ্য ভালো রাখা শুধু দাঁতের জন্য নয়, বরং হৃদস্বাস্থ্য রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন