আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়ার জন্য বিপুল সংখ্যক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, মোট ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন। তাদের কাজ হবে নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করা।
এ ছাড়া মোট ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তফশিল ঘোষণার পর থেকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে ১,০৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয়ে কাজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা ভোটগ্রহণের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট সাত দিন দায়িত্বে থাকবেন।
সব মিলিয়ে নির্বাচনে মোট ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতি নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন