ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। এর মাঝেই আলোচনায় এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’ শব্দটি। জামায়াতে ইসলামীর নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদের বক্তব্যের পর বিষয়টি রাজনৈতিক মহলে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। পরে এনসিপি নেতা আসিফ মাহমুদও একই ধরনের ঘোষণা দেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।”
ছায়া মন্ত্রিসভা কী?
বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিত ধারণা। বিরোধী দলগুলো সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য এ ধরনের কাঠামো গড়ে তোলে। সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ‘ছায়া মন্ত্রী’ মনোনীত করে, যারা সরকারের নীতি বিশ্লেষণ ও বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে এবং সংসদে প্রশ্ন তুলে জবাবদিহিতা নিশ্চিত করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এটি শুধু সমালোচনার জন্য নয়; বরং বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি কার্যকর হাতিয়ার।
বাংলাদেশের প্রেক্ষাপট
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে ছায়া মন্ত্রিসভা গঠন একটি কার্যকর উদ্যোগ হতে পারে। এটি সরকারের নীতি পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিরোধী দলকে জনগণের কাছে প্রস্তুত ও কার্যকর দল হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে।
তাঁদের মতে, একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা-
সরকারের নীতি বিশ্লেষণ করবে
জনগণের সামনে বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে
সংসদে তথ্যভিত্তিক সমালোচনা করবে
রাজনৈতিক সংস্কৃতিতে জবাবদিহিতা জোরদার করবে
ছায়া মন্ত্রিসভার কাজ ও এখতিয়ার
১. সরকারের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা
২. বিকল্প বাজেট প্রস্তাব করা
৩. প্রশাসনিক পর্যবেক্ষণ করা
৪. ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি নেওয়া
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, সুসংগঠিত ছায়া মন্ত্রিসভা থাকলে বিরোধী দল শুধু সমালোচনামুখর না হয়ে নীতিগত প্রস্তুতিসম্পন্ন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ‘ছায়া মন্ত্রিসভা’ প্রসঙ্গ সামনে আসায় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সূচিত হতে পারে কি না, সে প্রশ্ন এখন আলোচনায়। এটি বাস্তবায়িত হলে সংসদীয় রাজনীতিতে জবাবদিহিতা ও নীতিগত প্রতিযোগিতা বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এখন দেখার বিষয়, এই ঘোষণাগুলো বাস্তবে সাংগঠনিক কাঠামোয় রূপ নেয় কি না এবং তা রাজনৈতিক সংস্কৃতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন