কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু
ভারতের কলকাতায় টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম মারা গেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমের ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষদিকে লাইফ সাপোর্টে থাকার পর মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করা হবে। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।
জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কলকাতায় গিয়ে নিউটাউনে বসবাস শুরু করেন এবং পরিবারসহ সেখানেই অবস্থান করছিলেন।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন