মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা মো. তারেক (৪৮)।
সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে তিনি বাহরাইনে কর্মরত ছিলেন। সর্বশেষ দেড় বছর আগে পুনরায় কর্মস্থলে যোগ দেন।
মো. তারেক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে তিনি পরিবারের ভরণপোষণ চালাতেন। তার এক কন্যাসন্তান রয়েছে। আকস্মিক এ মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দূতাবাসের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন