ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে নিরব আহমেদ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত নিরব আহমেদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং শহরের আদর্শপাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিরব তাঁর দুই বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে ফিলিং স্টেশনে যান। কিন্তু স্টেশনের বিক্রয়কর্মীরা তাঁকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর নিরব দেখতে পান, স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছেন। বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন—কেন বোতলে তেল ভরা হচ্ছে, অথচ তাঁকে তেল দেওয়া হচ্ছে না।
এনিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিক্রয়কর্মীরা বাঁশের লাঠি নিয়ে নিরবকে মারধর শুরু করেন। তাঁর বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, "মুমূর্ষু অবস্থায় নিরব নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁর কাঁধ ও মাথার পেছনে ফোলা জখম ছিল। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।"
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গেলে সেখানকার বিক্রয়কর্মীদের সঙ্গে নিরবের হট্টগোল বাধে। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাঁকে পিটিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে ফিলিং স্টেশনটির মালিক পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, "আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য বড় ধাক্কা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।"
স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনটিতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। নিরব সেটার প্রতিবাদ করতেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন