জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—
মো. ফারুক হোসেন (জেলা সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে)
মুনছুর আলী (একই এলাকার আলী আকবরের ছেলে)
ফেরদৌস হোসেন (একই এলাকার শফিকুল ইসলামের ছেলে)
অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। আসামিরা ওই গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাকে দলবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন।
আড়াই বছর পর এই রায়কে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তারা ন্যায়বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন