ইরানের আইআরজিসি ও লেবাননের হিজবুল্লাহ যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর পাশাপাশি আইআরজিসির নৌবাহিনী ও ড্রোন ইউনিটও এ অভিযানে অংশ নিয়েছে।
হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি স্থাপনায় ভয়াবহ আগুন জ্বলতে দেখা গেছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হামলার জেরে তেল আবিব, মধ্য ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে। এখন পর্যন্ত এ দফার হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আগামী এক সপ্তাহে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছি।” ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “যখন যুদ্ধ বন্ধের প্রয়োজন মনে হবে, তখনই যুদ্ধ বন্ধ হবে।”
ইরানের সর্বোচ্চ নেতার ব্যাপারে তিনি বলেন, “আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে সম্ভবত কোনো না কোনোভাবে জীবিত আছেন।”
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্রের মজুত ৯০ শতাংশ কমেছে এবং একমুখী আক্রমণাত্মক ড্রোন হামলাও বৃহস্পতিবার ৯৫ শতাংশ কমেছে। তিনি বলেন, “ইরানের এখন আর কোনও অস্ত্র উৎপাদনের ক্ষমতা নেই।”
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে ইরান যুদ্ধের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হেগসেথ এসব কথা বলেন।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে নিয়েও কথা বলেছেন হেগসেথ। তিনি বলেন, ইরানের এই নতুন নেতা আহত এবং সম্ভবত তার দেহ বিকৃত হয়ে গেছে। মুজতবা আত্মগোপনে আছেন বলেও হেগসেথ দাবি করেন।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে মুজতবা খামেনির প্রথম লিখিত বিবৃতি আসার কথা উল্লেখ করে হেগসেথ প্রশ্ন তোলেন, “মুজতবার কোনও ভিডিও ফুটেজ কিংবা অডিও কেন আসেনি? আমি মনে করি, উত্তরটা আপনারা জানেন। মুজতবা ভীত, তিনি আহত, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তার নেতা হওয়ার বৈধতায় ঘাটতি আছে।”
রোজার মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে পালন করা হয় কুদস দিবস। জেরুজালেমের আরবি নামে (আল-কুদস) আন্তর্জাতিক এ প্রতিবাদ দিবস পালন করা হয়ে থাকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতশাসিত কাশ্মীর, তুরস্ক, ইয়েমেনের সানায় কুদস দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইরানের তেহরানেও লাখো মানুষের বিশাল সমাবেশ হয়।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন