হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, "যে কোনো উপায়ে খুব শিগগিরই হরমুজ প্রণালি খোলা, নিরাপদ ও স্বাধীন করা হবে। চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ এই নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরান আর এটিকে হুমকি হিসেবে ব্যবহার করতে না পারে।"
তিনি আরও বলেন, "এর মধ্যে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়ে ডুবিয়ে দেবে।"
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতার '১০০ শতাংশ ধ্বংস' করেছে। তবে তিনি স্বীকার করেন, ইরান এখনো ড্রোন, মাইন এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।
অন্যদিকে জেনেভায় ইরানের প্রতিনিধি আলি বাহরানি ট্রাম্পের এই দাবিকে 'মনগড়া মন্তব্য' বলে আখ্যা দিয়েছেন। তিনি ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ইরান হরমুজ প্রণালিসহ নিজের স্বার্থ রক্ষায় সক্ষম।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন নৌপথ। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। ইরান সম্প্রতি এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় প্রভাব ফেলেছিল।
ট্রাম্পের এই ঘোষণার পর হরমুজ প্রণালি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন