লাইফস্টাইল ডেস্ক, গণবার্তা: ভূমধ্যসাগরীয় ধাঁচের খাদ্যাভ্যাস নারীদের স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। স্পেন, গ্রিস, ইতালি ও ফ্রান্সের মতো দেশে প্রচলিত এই খাদ্যাভ্যাসে ফল, সবজি, গোটা শস্য, বাদাম, মাছ ও অলিভ অয়েলের ওপর জোর দেওয়া হয়, আর লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া হয়।
নিউরোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, যেসব নারী ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস মেনে চলেন, তাদের বিভিন্ন ধরনের স্ট্রোকের ঝুঁকি কমে যায়। বিশেষ করে রক্ত প্রবাহে বাধার কারণে হওয়া সাধারণ স্ট্রোক এবং মস্তিষ্কে রক্তক্ষরণজনিত বিপজ্জনক স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়।
গবেষণায় গড়ে ৫৩ বছর বয়সী ১ লাখ ৫ হাজারেরও বেশি নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের আগে কখনো স্ট্রোক হয়নি। শুরুতে অংশগ্রহণকারীরা তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। এরপর ২১ বছর ধরে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
এই সময়ের মধ্যে ৪ হাজার ৮৩ জন নারী স্ট্রোকে আক্রান্ত হন। অন্যান্য ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিয়ে গবেষকরা দেখতে পান, যেসব নারী সবচেয়ে বেশি ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস মেনে চলেন, তাদের বিভিন্ন ধরনের স্ট্রোকের ঝুঁকি ১৬ থেকে ২৫ শতাংশ কম।
গবেষকরা বলছেন, স্ট্রোকের বিরুদ্ধে সুরক্ষায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভূমিকা রয়েছে বলে আগের গবেষণাতেও দেখা গেছে, তবে হেমোরেজিক স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) খাদ্যের প্রভাব নিয়ে গবেষণা কম থাকায় এই ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
গবেষক দলটি জানিয়েছে, ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস কীভাবে মস্তিষ্ক ও রক্তনালি রক্ষায় কাজ করে তা আরও ভালোভাবে বুঝতে এবং অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে ফলাফল নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। তবে সামগ্রিকভাবে এই ফলাফল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্বই আরও একবার প্রমাণ করল।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন