ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদ্যসাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলের নাম রাখা হয়েছে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই দল।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একটি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কয়েকটি ‘ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির’ কার্যত অবসানের ফলে এই শূন্যতা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বর্তমানে কিছু ইসলামপন্থি দল আংশিকভাবে এই শূন্যতা পূরণ করলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী মূলধারার একটি বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে। বিএনপি ও জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক বলয়ের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে।
নাঈম আহমাদ জানান, নতুন দলের রাজনৈতিক অবস্থান হবে মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থায়। দলের আদর্শ হিসেবে তিনি বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা এবং বাংলাদেশি বাস্তবতায় সামাজিক গণতন্ত্রের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, জেডিপির অগ্রাধিকারমূলক ১২ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—
১. ধর্মীয় মূল্যবোধ রক্ষা
২. জুলাই সনদের বাস্তবায়ন
৩. বিদেশি আগ্রাসন থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করা
৪. পানি-প্রাণ-প্রকৃতির সুরক্ষা
৫. বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা
৬. সর্বজনীন বিনামূল্যে চিকিৎসাসেবা
৭. ন্যায্য ও পাচারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা
৮. ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি
৯. কৃষি ও আইটিসহ নতুন শিল্পের উন্নয়ন
১০. পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ
১১. প্রবাসীদের আইনি সুরক্ষা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা
১২. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা
তিনি জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগ পর্যন্ত তিনি জেডিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে নাঈম আহমাদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই জাতীয় দলিল বাস্তবায়নে সরকারের আন্তরিকতা জরুরি।
নাঈম আহমাদ আরও বলেন, হাসিনা সরকারের সময় ‘শিবির’ ট্যাগ দিয়ে অনেক মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। এখন আবার ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে নতুন করে হয়রানির প্রবণতা দেখা যাচ্ছে। কেউ প্রকাশ্যে আওয়ামী লীগ ত্যাগ করলে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ বা মামলা না থাকলে তাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেডিপির সংগঠক নজরুল ইসলাম, মো. আহছান উল্লাহ, সাদমান আলম, নাকিবুর রহমান, ইমরান হোসেন রাহাত, মুত্তাকী বিন মনির, নূরা জেরিন, নাজমুন নাহার, আবুল বাশার, রাকিব হাসান, আসাদ মৃধা, অ্যাডভোকেট রুবেল ইসলাম খান, শেখ সাদী, মাহতাব হোসেন সাব্বির, ইমরান হোসাইন, জিহাদ আরাফাত, এরশাদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন