বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, '২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।'
তার পদত্যাগপত্র গৃহীত হলে পদটি শূন্য হবে। দেশের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় তদারকি করা এই সংস্থার নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, তা নিয়ে চলছে আলোচনা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউজিসির চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের নাম আলোচনায় রয়েছে। এই দুজনের মধ্যে একজনকে ইউজিসির চেয়ারম্যান করা হতে পারে। তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানান, ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নাম ইউজিসির চেয়ারম্যান পদে বিবেচনায় রয়েছে। তবে এক্ষেত্রে অধ্যাপক মামুনকে নিয়ে বিশেষভাবে ভাবছে সরকার।
তিনি আরও জানান, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইউজিসির দায়িত্ব না পেলেও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আসতে পারেন। তাকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান করা হতে পারে বলেও আলোচনা রয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন