উত্তর ইসরাইলে ইরানি হামলার সঙ্গে সঙ্গতি রেখে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। রোববার (২৯ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর মধ্য ইসরাইলে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে বৃহত্তর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে।
এর আগে ইরান দক্ষিণ ইসরাইলের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানায় ইসরাইল ব্রডকাস্টিং অথরিটি।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তৃতীয়টি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে।
পৃথক এক প্রতিবেদনে ইসরাইলি রেডিও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলজুড়ে ৪০ বার সাইরেন বেজেছে।
চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) মধ্যরাতের পর এই হামলা ছিল ইরান থেকে ইসরাইলের দিকে চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন