পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কাজি সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে আফছারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় পান। মুমূর্ষু অবস্থায় তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। নিহতের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলে সহজ-সরল মানুষ ছিল, কাজ ছাড়া কিছু বুঝত না। যারা তাকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
স্থানীয় আব্দুল করিমের ভাষ্য, ‘আফছার ভালো মনের মানুষ ছিলেন, কারও সঙ্গে ঝগড়া ছিল না। মনে হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার মূল রহস্য জানা যাবে বলে জানান তিনি।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন