জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে।
হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়খ আহমাদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল।
খবরে জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর আগে তিনি মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।
ডেইলি টেলিগ্রাফ শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহ অতীতে ইহুদিদের ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেন।
আজহারির মতো তিনিও অস্ট্রেলিয়ায় এসে একই ধরনের বক্তব্য দিতে পারেন—এমন আশঙ্কা থেকেই তার ভিসা বাতিল করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
(আইপিডিসি)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। তার সফরসূচিতে ছিল—
৩ এপ্রিল: মেলবোর্নের আল-তাকওয়া কলেজ
৪ এপ্রিল: সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন
৬ এপ্রিল: ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার
১০ এপ্রিল: অ্যাডিলেডের উডভিল টাউন হল
১১ এপ্রিল: পার্থে ধারাবাহিক কর্মসূচি
কিন্তু এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগেই আজহারির মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে হলো।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে মিজানুর রহমান আজহারিকেও দেশ ছাড়তে বাধ্য করেছিল ক্যানবেরা কর্তৃপক্ষ। এবার একই পথে হাঁটলেন শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন